রাজধানীর ধানমন্ডিতে জামগাছ থেকে পড়ে নিলু (৩৫) নামের একজন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিলু ধানমন্ডির সিদ্দিক আকবর ফাউন্ডেশন নামের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী।
প্রতিষ্ঠানটির সুপারভাইজার এইচএম রায়হান জানান, দ্বিতীয় তলার ছাদে উঠে জাম পাড়ার সময় মইসহ নিচে পড়ে যান নিলু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান ডিএমপি পুলিশ ক্যাম্প পরিদর্শক সিদ্দিকুর রহমান।
