কোপা দেল রে জয়ের জন্য নিজের সর্বোচ্চটা দেয়ার ঘোষণা দিলেন ইভান রাকিটেচ। তার সাবেক ক্লাব সেভিয়ার জন্য এখনও ভালোবাসা আছে তাই গোল পেলে উদযাপন করবেন না জানিয়ে ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার বলেছেন, বার্সেলোনাকে কোপা দেল রে জেতাতে নিজের সর্বস্ব উজাড় করে দেবেন।
ঘরোয়া 'ডাবল' জয়ের লক্ষ্যে আগামী রবিবার ভিসেন্তে কালদেরনে কোপা দেল রের ফাইনালে টানা তৃতীয়বারের মতো ইউরোপা লিগ জেতা সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ২০১৪ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় নাম লেখানো রাকিটেচ বলেন, 'অবশ্যই আমার হৃদয়ের একটা অংশ অন্য পাশে আছে। কিন্তু এই শিরোপা জিততে আমি আমার সর্বস্ব উজাড় করে দেব এবং সমর্থকদের আনন্দ করার জন্য কিছু দিতে চাই।'
সেভিয়াকে ইউরোপা লিগের শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে জানিয়ে রাকিটেচ বলেন, 'আমি সব সময়ই সেভিয়ার ভালো চাই। কিন্তু তারা বুধবার একটি শিরোপা জিতেছে-তাদের জন্য এটাই যথেষ্ট। আগামী মৌসুমে উয়েফা সুপার কাপে আরেকটি সুযোগ আছে তাদের, কিন্তু এখন তাদের বুঝতে হবে যে আমার যা করা দরকার আমি তাই করছি। বার্সেলানাকে এই শিরোপা জেতাতে শতভাগ লড়াই করব।'
এ সময় তিনি সাবেক ক্লাবের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন, 'গোল পেলে আমি উদযাপন করব না। আমি তাদের শ্রদ্ধা করি। আমার হৃদয়ের একটা অংশ তাদের জন্য সংরক্ষিত। আমি আমার বন্ধু ও সতীর্থদের সঙ্গে শিরোপা জয় উদযাপন করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি শিরোপাটি জিততে চাই।'
