জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপের মুখে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অল আউট হয়ে ফলোঅনে পড়েছে শ্রীলঙ্কা। এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই বলে বিনা উইকেটে করেছে ১ রান। এখনও ২০৬ রানে পিছিয়ে আছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রীতিমত অ্যান্ডারসন ও ব্রডের বোলিং তোপে সফরকারী দল। শুরুতেই দিমুথ করুনারত্নেকে বিদায় করেন ব্রড। পরের ওভারে ফিরে তুলে নেন কুশল মেন্ডিসের উইকেট। দুই ব্যাটসম্যানের কেউ রানের খাতা খুলতে পারেননি। মাঝখানে অ্যান্ডারসনের শর্ট বলে ফিরে যান কৌশল সিলভা।
এরপর দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নেকে সঙ্গে নিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিল অধিনায়ক ম্যাথিউস। তবে সেই প্রতিরোধ পর্ব খুব একটা বড় হয়নি। চান্দিমালকে (১৫) ফিরিয়ে অতিথিদের প্রথম প্রতিরোধ ভাঙেন বেন স্টোকস। পরপর দুই বলে ম্যাথিউস (৩৪) ও দাসুন শানাকাকে ফিরিয়ে বড় একটা ধাক্কা দেন অ্যান্ডারসন।
এরপরও থিরিমান্নেকে ঘিরে ফলোঅন এড়ানোর স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। তবে মিড অনে এক উড়ন্ত ক্যাচে থিরিমান্নের প্রতিরোধ ভাঙেন স্টিভেন ফিন। আর পরের ওভারে সামিন্দ ইরাঙ্গার উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন অ্যান্ডারসন, নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার ফলোঅন। অ্যান্ডারসন ১৬ রানে নেন পাঁচ উইকেট। আর ব্রড ৪ উইকেট নেন ২১ রানে।
এর আগে টস জিতে জনি ব্যায়ারস্টোর সেঞ্চুরিতে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ২৯৮ রান করে ইংল্যান্ড। দলের হয়ে ১৪০ রানের সর্বোচ্চ ইনিংস আসে ব্যায়ারস্টোরের ব্যাট থেকে। তা ছাড়া ৮৬ রান করেন অ্যালেক্স হেলস।
