উপকূলীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কবলে পতিত দেশের মানুষকে রক্ষা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশরারফ হোসেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও পেশাজীবীদেরও মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই আহ্বান জানান।
খন্দকার মোশরারফ হোসেন বলেন, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে আওয়ামী শাসকদল দল জনগণের ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নয়, নিজেরাই নিজেদের নির্বাচিত ঘোষণা করেছেন। তাই দেশের গণতন্ত্র এখন আইসিইউর লাইফ সাপোর্টে রয়েছে। হারানো গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে দিন আহ্বান জানাবেন সেই দিনেই জনগণ তাদের অধিকার আদায়ে মাঠে নামবেন।
তিনি বলেন, বিচার ব্যবস্থা দলীয় করণে ধ্বংস করা হয়েছে। আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই। রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ এখন কারো জীবনের নিরাপত্তা নেই।
আয়োজক সংগঠনের সভাপতি ডা. এম আজিজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ড্যাব নেতা ডা.এম এ কদ্দুস, ডা.এম এ সালাম, ডা.শহিদুল আলম, ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চুসহ বিএনপি নেতা দীপেন দেওয়ান প্রমুখ।
