যুক্তরাষ্ট্রে জিকা ভাইরাসে আক্রান্ত ২৭৯ গর্ভবতী নারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তারা জানান, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করা সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, আক্রান্ত ওই নারীদের ১৫৭ জন যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্য ও ওয়াশিংটনে বসবাস করেন। অপর ১২২ জন পুয়েরতো রিকোর বাসিন্দা।
এর আগে ১১ মে প্রকাশিত পরিসংখ্যানে ১১০ গর্ভবতী নারীর জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করা হয়।
গর্ভবতী মায়ের শরীরে জিকা ভাইরাস সংক্রমিত হলে গর্ভস্থ শিশু মস্তিষ্কে গুরুতর জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। এই শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি রহিত হয়, ফলে এদের মাথার আকারও ছোট হয়। গত বছর জিকা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার পর থেকে ব্রাজিলে ১ হাজার ২৭১ শিশু স্বাভাবিকের তুলনায় ছোট মাথা নিয়ে জন্মেছে। টাইমস অফ ইন্ডিয়া
