টেস্ট ক্রিকেটে উইকেট শিকারের ক্ষেত্রে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবকে টপকে গেলেন ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসন। কপিলকে টপকে উইকেট শিকারের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। চলমান হেডিংলি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে আসেন এন্ডারসন।
১১৩ টেস্টের ২১২ ইনিংসে ৪৩৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামেন এন্ডারসন। শ্রীলঙ্কার ইনিংসে ওপেনার কুশাল সিলভা ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে আউট করে কপিলকে ছাড়িয়ে যান তিনি। ১৩১ ম্যাচে ৪৩৪ উইকেট নিয়ে ষষ্ঠস্থানে ছিলেন কপিল।
এন্ডারসনের সামনে এখন আছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, ভারতের অনিল কুম্বলে, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ। মুরালিধরন ৮০০, ওয়ার্ন ৭০৮, কুম্বলে ৬১৯, ম্যাকগ্রা ৫৬৩ ও ওয়ালশের উইকেট সংখ্যা ৫১৯।
কপিলকে ছাড়িয়ে যাবার পর আরো ৩ উইকেট শিকার করেছেন এন্ডারসন। ফলে টেস্ট ক্যারিয়ারে ১৯তমবারের মত ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখান তিনি। তার এমন নৈপুন্যে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ফলো-অনে পড়ে সফরকারীরা। প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআউট হয়েছিলো ইংল্যান্ড।
টেস্ট ক্রিকেটে বোলারদের উইকেট শিকারের তালিকা :
| বোলার | ম্যাচ | ইনিংস | উইকেট |
| মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) | ১৩৩ | ২৩০ | ৮০০ |
| শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) | ১৪৫ | ২৭৩ | ৭০৮ |
| অনিল কুম্বলে (ভারত) | ১৩২ | ২৩৬ | ৬১৯ |
| গ্লেন ম্যাকগ্রাথ (অস্ট্রেলিয়া) | ১২৪ | ২৪৩ | |
| কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ) | ১৩২ | ২৪২ | ৫১৯ |
| জেমস এন্ডারসন (ইংল্যান্ড) | ১১৪ | ২১৩ | ৪৩৮ |
| কপিল দেব (ভারত) | ১৩১ | ২২৭ | ৪৩৪ |
| রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) | ৮৬ | ১৫০ | ৪৩১ |
| শন পোলক (দক্ষিণ আফ্রিকা) | ১০৮ | ২০২ | ৪২১ |
| হরভজন সিং (ভারত) | ১০৩ | ১৯০ | ৪১৭ |
বাসস
