বিয়ে নিয়ে মুখ খুললেন লুলিয়া

আপডেট : ২২ মে ২০১৬, ১০:৪৫
 
রোমানিয়ান টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভান্তুরের সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের বিয়ের গুঞ্জন বেড়েই চলছে। গুঞ্জন নিয়ে নানা সময় উত্তর দিয়েছেন সালমান ও তার পরিবার। এবার এই বিষয়ে মুখ খুললেন লুলিয়া।
 
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লুলিয়া লিখেছেন, প্রিয় বন্ধুরা, কোনো গুঞ্জন নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন আমি মনে করছি না। কিন্তু এখন আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই যে আমি কখনো বিয়ে করিনি এবং খুব শিগগিরই বিয়ের পোশাক পরার ইচ্ছাও নেই। সৃষ্টিকর্তা আমাদের সবার মঙ্গল করুন!
 
এর আগে সালমান খানও বিয়ের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বলেছিলেন, আমি কেন এই বিষয়ে বলব? ফেসবুক ও টুইটারের মাধ্যমে আমি আমার ভক্তদের জানিয়ে দেব। এটাই আমার বিষয়। আমি যখন বিয়ে করতে চাইব তখন আমি বিয়ে করব। তখন টুইট করে জানিয়ে দেব।
 
সম্প্রতি সালমান  ও লুলিয়াকে প্রীতি জিনতার বিয়ে পার্টিতে জনসম্মুখে এসেছিলেন। এর কিছুদিন আগে লুলিয়াকে মুম্বাই বিমানবন্দরে সালমান ও তার পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল।
 
সালমান খান বর্তমানে ‘সুলতান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। তার বিপরীতে আনুশকা শর্মা অভিনয় করছেন। আগামী ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।