যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডারের সিরিয়ায় 'গোপন' ভ্রমণ

আপডেট : ২২ মে ২০১৬, ১২:১২
 
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ এক কমান্ডার 'গোপনে' ভ্রমণ করে এলেন সিরিয়া থেকে। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল সিরিয়ার উত্তরাঞ্চলে ১১ ঘণ্টা ঝটিকা সফরে গিয়েছিলেন বলে জানায় দেশটির সামরিক বিভাগ।
 
বিবিসি তার প্রতিবেদনে জানায়, কুর্দিশ ও আরব বিদ্রোহীদের সমন্বয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সঙ্গে দেখা করেছেন তিনি। স্থানীয় এই বাহিনীর মাধ্যমে আইএস নামধারী সংগঠনের বিরুদ্ধে লড়াই করতে চায় যুক্তরাষ্ট্র। সেখানে সফর শেষে জেনারেল ভোটেল বলেন, স্থানীয় এই বাহিনীকে আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষণ দেয়াটাই হবে সঠিক কাজ।
 
তিনি আরো বলেন, আমি তাদের সামর্থ্য সম্পর্কে আত্মবিশ্বাস সৃষ্টি করেছি, তাদের সঙ্গে আমাদের সাহায্য আছে বলেও নিশ্চিত করেছি। আমার মনে হয় এটি কার্যকর হয়েছে এবং বেশ ভাল ভাবে কাজ করে যাচ্ছে।
 
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সে ২৫ হাজার কুর্দি এবং ৫ হাজার আরব যোদ্ধা রয়েছে। সেখানে আরব যোদ্ধা সংখ্যা বৃদ্ধির আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি।