ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬

আপডেট : ২২ মে ২০১৬, ১২:২৭
 
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। গরম ছাইয়ের নিচে আরো মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। রবিবার এক কর্মকর্তা এই তথ্য জানান।
 
দুর্যোগ বিভাগের মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, সুমাত্রা দ্বীপের মাউন্ট সিনাবুঙ্গের সক্রিয় আগ্নেয়গিরিটির অগ্ন্যুত্পাতের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। শনিবার বিকালে আগ্নেয়গিরিটির জ্বালামুখ দিয়ে নতুন করে অগ্নুত্পাত শুরু হয়।
 
আহতদের হাসপাতালে নেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, গরম ছাইমেঘে নয়জন ঝলসে গেছে। এদের মধ্যে ছয়জন মারা গেছে এবং তিনজনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
 
আক্রান্তদের সকলেই ‘রেড জোনের’ ভেতর ছিল। এলাকাটি সিনাবার্গের চারপাশের চার কিলোমিটার। কর্তৃপক্ষ এই এলাকাটিকে বিপদজ্জনক হিসেবে ঘোষণা দেয়।
 
তল্লাশি ও উদ্ধারকারী দলের সদস্যরা ওই এলাকার গাম্বার গ্রামে সতর্কভাবে বাড়িঘর ও আবাদী জমিতে তল্লাশি চালাচ্ছে। খবর: এএফপি।