এন্ডারসন তাণ্ডবে শ্রীলঙ্কার ইনিংস ব্যবধানে হার

আপডেট : ২২ মে ২০১৬, ১২:২২
 
এন্ডারসন তাণ্ডবে হেডিংলি টেস্টে ইনিংস ব্যবধানে হারল শ্রীলঙ্কা। মাত্র তিনদিনেই এক ইনিংস ও ৮৮ রানে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে গেছে ম্যাথুজ বাহিনী। দুই ইনিংস মিলিয়ে এন্ডারসনের সংগ্রহ ১০ উইকেট।
 
ফলোঅন কাটাতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার করুনারাত্নে ৭ আর কুশল সিলভা ১৪ রান করে বিদায় নেন। তিন নম্বরে নেমে ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করেন কুশল মেন্ডিস। এরপর চান্দিমাল ৮, ম্যাথুজ ৫, থিরিমান্নে ১৬ রান করে বিদায় নিলে ৩৫.৩ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় অতিথিদের ব্যাটিং অর্ডার।
 
দ্বিতীয় ইনিংসে ১৩.৩ ওভার করে ২৯ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নেন অ্যান্ডারসন। স্টিভেন ফিন নেন ৩টি উইকেট। একটি করে উইকেট দখল করেন ব্রড ও মঈন আলি।
 
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে এই এন্ডারসন ঝড়েই ৯১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করেন দলপতি ম্যাথুজ। ২২ রান করেন থিরিমান্নে। আর ১৫ রান আসে চান্দিমালের ব্যাট থেকে। ইংলিশ পেসার এন্ডারসন ১১.৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে তুলে নেন ৫ উইকেট। ১০ ওভারে ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন ব্রড।
 
এর আগে নিজেদের প্রথম ইনিংসে জনি বেয়ারস্টোর সেঞ্চুরির উপর ভর করে ২৯৮ রান সংগ্রহ করে স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন জনি বেয়ারস্টো।