চা দোকানের কর্মচারী হত্যায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ২২ মে ২০১৬, ১৫:১৫
 
চা-সিঙ্গারা বাকি না দেয়ায় ছুরিকাঘাতে রুবেল বেপারী (২২) নামে চা দোকানের কর্মচারীকে হত্যার অপরাধে মো. ওমর খানকে (৩০) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই আদেশ দেন।
 
নিহত রুবেল চাঁদপুর সদর উপজেলার পুরাণ বাজার এলাকার রামদাসদী গ্রামের মো. সিরাজ বেপারীর ছেলে। আসামি ওমর খান শহরের খলিশাডুলী এলাকার সিরাজ খানের ছেলে।
 
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০০৭ সালের ২৩ জুন দুপুর আনুমানিক আড়াইটায় শহরতলীর খলিসাডুলী হাজী সুপার মার্কেটের দুদুখানের দোকানের কর্মচারী নিহত রুবেলের কাছ থেকে ওমর খান চা-সিঙ্গারা বাকি চায়। রুবেল বাকি দিতে অস্বীকার করলে ওমর তাকে দোকানে থাকা রুটি ও আলু কাটার ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।
 
এই ঘটনায় ঐদিনই দোকানের মালিক দুদু খান চাঁদপুর মডেল থানায় ওমর খানকে আসামি করে মামলা দায়ের করেন এবং আসামিকে পুলিশের হাতে তুলে দেন। একই বছর ২৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর মডেল থানর উপ-পরিদর্শক (এসআই) সুনীল কুমার সেন আদালতে প্রতিবেদন দাখিল করেন।
 
সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. সাইয়েদুল ইসলাম বাবু বলেন, সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে ওমর খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করেন।
 
আসামিপক্ষে আইনজীবী ছিলেন (স্ট্রেট ডিফেন্স ল’ইয়ার) অ্যাডভোকেট রোমানা আফরোজ।