বিদেশ যেতে বাধা: রিটের আদেশ মঙ্গলবার

আপডেট : ২২ মে ২০১৬, ১৬:০৩
 
সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে ভবিষ্যতে বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি না করার  নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন দায়ের করা হয়েছে। রবিবার আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মোহম্মদ খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ আগামী মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছে।
 
সুপ্রিম কোর্টের এই দুই আইনজীবী হলেন-অ্যাডভোকেট এম তাজুল ইসলাম ও ব্যারিস্টার রুমীন ফারহানা। 
 
ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ১৮ মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এই দুই আইনজীবী। কিন্তু কাতার এয়ারলাইন্স এই দুই আইনজীবীকে বোর্ডিং পাস ইস্যু না করার সিদ্ধান্ত নেয়।
 
কাতার এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ওসি ইমিগ্রেশনের নির্দেশনা অনুযায়ী আপনাদের বোর্ডিং পাস দেয়া হলো না। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আজ হাইকোর্ট রিট দায়ের করেন।
 
রিট আবেদনের পক্ষে অ্যাডভোকেট এ জে এম মোহম্মদ আলী শুনানিতে বলেন, বিদেশে একজন নাগরিকের বিদেশে যাওয়ার ক্ষেত্রে যদি তার পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ  হয় বা কোনো আদালত যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে বিদেশ যেতে বাধা দেয়া যেতে পারে। কিন্তু আইনজীবীদের পাসপোর্ট বৈধ এবং কোনো আইন দ্বারা বিধি নিষেধ আরোপ করা হয়নি। ফলে কাতার এয়ারলাইন্স যে বোর্ডিং পাস দেয়নি এটা বেআইনি।
 
আবেদনের বিরোধী করে অতিরিক্ত অ্যাটার্নি জেনারেল  মুরাদ রেজা বক্তব্য রাখেন।
 
আবদনে স্বরাষ্ট্রসচিব, ডিজি ইমিগ্রেশন ও পাসপোর্ট, পুলিশের আইজি, এয়ারপোর্ট থানার ওসি, ওসি ইমিগ্রেশন, কাতার এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ও স্টেশন ম্যানেজারকে বিবাদী করা হয়। 
 
একই সঙ্গে রিট আবেদনে ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে।
 
গত ১৮ মে থেকে ২৩ মে পর্যন্ত তুরস্ক ও জর্জিয়ায় এই জুরিস্টসম্মেলন হওয়ার দিন ধার্য ছিল।