চীন গেল যবিপ্রবি ফুটবল দল

আপডেট : ২২ মে ২০১৬, ১৮:৩৬
চীনের কুনমিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত স্পোর্টস উইকে অংশ নিতে চীন যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল দল। রবিবার চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে তারা।
 
গেল কয়েক বছর ধরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সেখানে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে।
 
এই আয়োজনের একটি অন্যতম ইভেন্ট হল আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। যেখানে এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নেয়। সেখানে এবার বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে অংশ নিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল দল।
 
বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নিবে এই টুর্নামেন্টে। দেশ ছাড়ার আগে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইন্সট্রাকটর মো. জিল্লুর রহমান।