ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ২২ মে ২০১৬, ১৯:০৫
আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে লালমনিরহাটে রফিকুল ইসলাম রফিক নামে এক যুবকের  যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম দণ্ডাদেশ প্রদান করেছে আদালত।
 
রবিবার বিকাল ৩টার দিকে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী এ রায় দেন । সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম রফিক লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকার আবেদ আলীর ছেলে।
 
জানা গেছে, গত ২০০২ সালের ১২ মে বিকেলে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া রত্মাই নদীতে মাছ ধরতে গেলে প্রতিবেশী রফিক ৮ বছরের ওই শিশুকে পার্শ্ববর্তী আখখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ওই দিন মেয়েটির বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।