রেজাউল হত্যা : জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে ৩ ‘জেএমবি’

আপডেট : ২২ মে ২০১৬, ১৯:২৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার এক বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
 
রবিবার রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মোকসেদা আজগার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রহমতুল্লাহ, নগরীর খড়খড়ি এলাকার আব্দুস সাত্তার ও তার ছেলে রিপন।
 
গত ১৭ মে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন তার দপ্তরে সংবাদ সম্মেলনে গ্রেফতার এই তিনজন জেএমবি সদস্য অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডে সহযোগিতা দিয়েছে বলে জানিয়েছিলেন। তবে ওইদিন তিনি তাদের পরিচয় জানাননি।
 
রেজাউল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক বলেন, জিজ্ঞাসাবাদে তারা অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড ও জেএমবির সাংগঠনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেসব তথ্য যাচাইবাছাই করা হবে।