ভিয়েতনামের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ মে ২০১৬, ১৫:৩০
ভিয়েতনামের উপর আরোপিত অস্ত্র রফতানি নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ‘পুরোপুরি প্রত্যাহার’ করে নিয়েছে বলে জানা গেছে। সোমবার সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ভিয়েতনামের প্রেসিডেন্ট তরান দাই কুয়াং একথা জানান।
 
সংবাদ সম্মেলনে এক দোভাষীর মাধ্যমে কুয়াং বলেন, ভিয়েতনামের কাছে মারণাস্ত্র বিক্রি করার উপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রশংসা করছে ভিয়েতনাম। দেশ দুটির সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হওয়ার প্রমাণ এটি। ওবামা জানিয়েছেন, নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু মানবাধিকারে প্রতি ভিয়েতনামের প্রতিশ্রুতির উপর অস্ত্র বিক্রি নির্ভর করবে।
 
রবিবার তিনদিনের এক সফরে এক সময়ের শত্রু দেশ ভিয়েতনাম সফরে যান প্রেসিডেন্ট ওবামা। এক সময়ের শত্রু দেশটিকে মিত্রতে পরিণত করাই তার এ সফরের উদ্দেশ্য বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। গত শতকে ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় ২০ বছরব্যাপী দীর্ঘ ও ভয়াবহ লড়াই হয়। এতে ভিয়েতনামরে পক্ষে যেমন লাখ লাখ মানুষ নিহত হয় তেমনি যুক্তরাষ্ট্রের পক্ষেও নিহত ও নিখোঁজের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে যায়।
 
ওই লড়াইয়ের পর থেকে পরবর্তী আরো ২০ বছর কমিউনিস্ট ভিয়েতনামের সঙ্গে পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের কূটনীতিক সম্পর্ক ছিল না। ১৯৯৫ সালে দুদেশের কূটনীতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হয়।  এরপর থেকে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ভিয়েতনাম সফরে গেলেন ওবামা। তবে সময়ের ব্যবধানে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নতুন শক্তি হিসেবে চীনের আবির্ভাবের পরিপ্রেক্ষিতে অভিন্ন স্বার্থের প্রয়োজনে দেশ দুটি পরস্পরের কাছাকাছি আসতে শুরু করে।
 
সম্প্রতি দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বেইজিংয়ের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা অবসানের দাবি জানিয়ে আসছিল হ্যানয়। যুক্তরাষ্ট্র ওই দাবিতে সাড়া দিলেও এতে বেইজিং ক্ষুব্ধ হবে বলে ধারণা পর্যবেক্ষকদের।
 
ভিয়েতনাম সফর শেষে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুইদিনের সফরে জাপান যাবেন ওবামা। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের অ্যাটম বোমা হামলায় বিধ্বস্ত হিরোশিমা পরিদর্শনে যাওয়া কথা রয়েছে ওবামার। একটি পারমাণবিক বোমার বিস্ফোরণে হিরোশিমার প্রায় দেড়লাখ মানুষ নিহত হয়েছিল। রয়টার্স।