হিথ স্ট্রিকের বিকল্প খুঁজছে বিসিবি, ভাবনায় চার কোচ

আপডেট : ২৩ মে ২০১৬, ১৬:৫৮
জাতীয় দলের বতর্মান বোলিং কোচ হিথ স্ট্রিকের মেয়াদ শেষ হচ্ছে খুব শিগগিরই। চুক্তি শেষে চলে যেতে চাইলে ধরে রাখার চেষ্টা করবে না বিসিবি। এজন্য স্ট্রিকের বিকল্প ভাবনাও শুরু হয়ে গেছে। বিসিবির ভাবনায় চম্পকা রামানায়েকে, আকিব জাভেদ, চামিন্দা ভাস ও ভেঙ্কটেশ প্রসাদ রয়েছেন বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।
 
স্ট্রিক এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বলে পছন্দের বিকল্পদের সঙ্গে যোগাযোগ করেনি বিসিবি। তবে গুছিয়ে রাখছে কাজ।
 
সপ্তাহখানেক আগে ভারতীয় সংবাদমাধ্যম দা হিন্দু দাবি করে, ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে ফাস্ট বোলিং কোচের চাকরির জন্য আবেদন করেছেন স্ট্রিক। বিসিসিআইয়ের যুগ্ম সচিব অমিভাভ চৌধুরীকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, ক্রিকেট একাডেমির চেয়ারম্যান নিরঞ্জন শাহ স্ট্রিককে পেতে খুবই আগ্রহী।
 
তাই স্ট্রিক থাকছেন না ধরে নিয়েই তাই ভবিষ্যৎ ভাবছে বিসিবি।  আকরাম খান বলেন, ‘কোচিং স্টাফ নিয়ে আমাদের চাওয়া একটা সেটেলড ইউনিট যেন থাকে। এজন্য স্ট্রিককে রাখতেই চেয়েছিলাম। এখন সে যদি চলে যায়, আমরা ধরে রাখার চেষ্টা করব না। জোর করে রাখলে ফল ভালো হয় না। বরং চেষ্টা করব আরও ভালো কাউকে আনার।’
 
তিনি আরো বলেন, ‘আপাতত আমাদের পছন্দের তালিকায় আছে চম্পকা, আকিব, ভাস ও প্রসাদ। আরও ২-৩ জন আছে। আমরা মনে করি, এদের যে কাউকে আনতে পারলেও খুব ভালো হবে। তবে স্ট্রিক যেহেতু অফিসিয়ালি আমাদের কিছু জানায়নি, আমরাও নতুন কাউকে প্রস্তাব দেইনি। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
 
জানা গেছে, বিসিবির পছন্দের তালিকায় শীর্ষে আছেন রামানায়েকে। ২০০৮ সালের মার্চ থেকে দুই বছর বাংলাদেশের বোলিং কোচ ছিলেন সাবেক এই শ্রীলঙ্কান পেসার। বাংলাদেশের সেরা বোলিং কোচ মনে করা হয় তাকেই। কিন্তু ২ বছরের মেয়াদ শেষে একটু বাড়তি পারিশ্রামিক দাবি করায় সে সময় তাকে আর রাখেনি বিসিবি। 
 
এদিকে সংযুক্ত আরব আমিরাতে দারুণ সফল মেয়াদ শেষে গত এপ্রিলে দায়িত্ব ছেড়ে দেন আকিব। পিএসএল দল লাহোর কালান্দার্সের ক্রিকেট পরিচালনার দায়িত্ব নিতে পারেন তিনি। তবে এখনও চূড়ান্ত হয়নি সেটি।
 
শ্রীলঙ্কান বোলিং কোচ হিসেবে স্বল্প মেয়াদের দায়িত্ব শেষে পাকাপাকিভাবে কিছু করছেন না ভাস। বোলিং কোচ হিসেবে সাবেক ভারতীয় পেসার প্রসাদেরও সুনাম আছে বেশ।