এক দশক পরে ‘পাম দ্য অ’র ইংল্যান্ডে

আপডেট : ২৩ মে ২০১৬, ১৭:১৯
পুরো ১০ বছর বিরতির পর এবারের ‘পাম দ্য’অর’ উঠলো ব্রিটেনের ঘরে। এবারও বাজিমাত করলেন সেই পুরনো বিজয়ীই।  ব্রিটিশ নির্মাতা কেন লোশ, তার নতুন সিনেমা ‘আই, ড্যানিয়েল ব্লেইক’ এর জন্য জিতলেন পাম দ্য অর।
 
এর আগে ২০০৬ সালে পাম দ্য’অর জিতেছিল তার সিনেমা ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি’। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সামাজিক অনিয়ম এবং দুর্নীতির বেড়াজালে পড়ে ভুক্তভোগী অসহায় মানুষদের নিয়ে সিনেমা নির্মানের জন্য পরিচিত লোশ।  এবারের সিনেমাটিও ছিল সেই ধাঁচের।
 
‘আই,ড্যানিয়েল ব্লেইক’- তৈরি হয়েছে ড্যানিয়েল নামের এক দরিদ্র রাজমিস্ত্রি এবং দুই সন্তান নিয়ে সংগ্রাম করা স্বামী পরিতক্ত্যা এক নারীর গল্প নিয়ে, যারা ব্রিটেনের দুর্নীতিগ্রস্ত আইনব্যবস্থার শিকার।
 
এদিকে পরপর দুটি পুরষ্কার জিতে নিয়েছে ইরানি সিনেমা ‘ফোরুশান্দে’ (দ্য সেলসম্যান)। সেরা চিত্রনাট্যের পুরষ্কার জিতে নিয়েছেন আসগার ফারহাদি এবং সেরা অভিনেতার খেতাব জিতে নিয়েছেন শাহাব হোসেইনি।
 
এবারের গ্রাঁ প্রি জিতে নিয়েছেন কানাডার নির্মাতা জেভিয়ার ডোলান, ‘ইটস অনলি দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড’এর জন্য। জ্যুরি প্রাইজ অর্জন করেছেন ব্রিটিশ পরিচালক অ্যান্ড্রেয়া আর্নল্ড, ‘আমেরিকান হানি’র জন্য। ওদিকে সেরা নির্মাতার খেতাব যৌথভাবে জিতে নিয়েছেন ‘পার্সোনাল শপার’-এর পরিচালক অলিভার এসেস এবং ‘গ্র্যাজুয়েশন’-এর পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউ।
 
সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন ফিলিপাইনের জেইসলিন হোসে, ‘মা, রোজা’তে অভিনয় করে। এছাড়া আজীবন সম্মাননা পুরষ্কার পেয়েছেন জঁ-পিয়েরে লিউ।  ফরাসি চলচ্চিত্রে নতুন ধারার প্রচলনের জন্য এ পুরস্কার পান তিনি।