চট্টগ্রামে পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৩ মে ২০১৬, ১৭:২৪
চট্টগ্রামের চান্দগাঁও এক কিলোমিটার নামক এলাকা থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। 
 
সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে জানায় গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে মো. আলাউদ্দিন সৌদিয়া পরিবহনের হেলপার। অপরজনের নাম মো. ইলিয়াস।
 
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মো. আনোয়ার হোসেন সোমবার ইত্তেফাককে বলেন, বেনাপোল সীমান্ত থেকে কয়েকটি অস্ত্র সৌদিয়া পরিবহনের বাসে করে চট্টগ্রামের দিকে আসছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাসটি রবিবার সকালে চান্দগাঁও থানার এক কিলোমিটারস্থ সৌদিয়া পরিবহনের গ্যারেজের সামনে অবস্থান কালে ইলিয়াস ওই বাসে ওঠে। কিছুক্ষণ পর তিনি বাস থেকে নেমে এলে ডিবি পুলিশের একটি দল তল্লাশি করে ইলিয়াসের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করে। ইলিয়াস জিজ্ঞাসাবাদে সৌদিয়া বাসের হেলপার আলাউদ্দিনের কথা পুলিশকে জানায়। এরপর ডিবি পুলিশ আলাউদ্দিনকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী গাড়ির ড্রাইভারের সিটের পাশে থেকে দুটি ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা হয়েছে।