শ্রীলঙ্কা দলে ফিরছেন সেই ‘ডোপ পাপী’ পেরেরা

আপডেট : ২৩ মে ২০১৬, ২১:২৮
আবারো শ্রীলঙ্কা দলে ফিরছেন ডোপ পাপে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ থাকা কুশল পেরেরা। আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ফিরছেন তিনি।
 
চূড়ান্তভাবে করা পরীক্ষা শেষে জানানো হয় ডোপ গ্রহণ করেননি এই উইকেটরক্ষক। অভিযোগ থেকে মুক্তি তো মিলেছেই। এবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গাও পেয়ে গেছেন। চোট পেয়ে পেসার ধাম্মিকা প্রসাদ ছিটকে যাওয়াতেই এমন কপাল খুললো পেরেরার।
 
নিষিদ্ধ হওয়ার আগে দলের উইকেটরক্ষক এবং ৭ নম্বরে খেলা ব্যাটসম্যান ছিলেন পেরেরা। তাকে দলে নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া বলেন, ‘দলে যথেষ্ট বোলার আছে এই মুহূর্তে। বিশেষ করে ব্যাট হাতে ভূমিকা রাখতেই পেরেরাকে নেওয়া হয়েছে।’
 
উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে পেরেরাকে নিষিদ্ধ করা হয়েছিল। ওই বছর পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে দৈবচয়ন ভিত্তিতে তার নমুনার পরীক্ষা নেয় আইসিসি। ওই পরীক্ষায় দাবি করা হয়, নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি ধরা পড়ে পেরেরার নমুনায়।