গেমসের জগতে অনেকদিন ধরেই জনপ্রিয়তার শীর্ষে ছিলো অ্যাংরি বার্ডস গেমটি। এবার বক্স অফিসেও তুললো ঝড়। মুক্তির প্রথম সপ্তাহেই মার্কিন বক্স অফিসে ৩ কোটি ৯০ লাখ ডলার কামিয়ে প্রথম স্থানে উঠে এসেছে সিনেমাটি।
টানা দু সপ্তাহ ধরে বক্স অফিস প্রথম স্থান ধরে রাখা মারভেলের 'ক্যাপ্টেন আমেরিকাঃ সিভিল ওয়ার' এবং 'নেইবারস টুঃ সরোরিটি রাইজিং' কে পেছনে ফেলেছে।
ভিও এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত জনপ্রিয় অ্যান্ড্রয়েড গেইম 'অ্যাংরি বার্ডস' কে সিনেমায় রূপান্তরের সিদ্ধান্ত আসে গতবছর। সনি এন্টারটেইনমেন্ট পিকচার্স এবং রোভিও'র যৌথ প্রযোজনায় অ্যানিমেটেড 'অ্যাংরি বার্ডস' মুক্তির পর পরই কেড়েছে দর্শক আকর্ষণ। এখন পর্যন্ত সিনেমাটির আন্তর্জাতিক আয় পৌঁছেছে ১৫ কোটি মার্কিন ডলারে। যার মধ্যে ৪৭টি দেশে 'অ্যাংরি বার্ডস' রয়েছে বক্স অফিস আয়ের শীর্ষে।
২৫ বছর বয়সী সিনেমা অনুরাগীদের কাছ থেকে 'সিনেমাস্কোর' এ সরাসরি 'এ প্লাস' সার্টিফিকেট পেয়ে উৎরে গেছে 'অ্যাংরি বার্ডস'। সিনেমার এই সাফল্য আগামি কয়েক সপ্তাহ ধরেই থাকবে বলে মনে করছেন গ্রিনস্টেইন।
এদিকে তিন সপ্তাহের ভেতরেই ১০০ কোটির অংক পেরিয়ে গেছে 'ক্যাপ্টেন আমেরিকা'র সিকুয়াল 'সিভিল ওয়ার'। বক্স অফিসে রাজত্ব হারালেও এখন পর্যন্ত দুর্দান্ত ব্যবসা করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বাজারে। যদিও আয়ের হার ৫৪শতাংশ কমে যাওয়ায় তৃতীয় সপ্তাহে সিনেমাটি ঘরে তুলেছে ৩ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। যেখানে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আয় করেছিল ৭ কোটি ২৬ লাখ মার্কিন ডলার।
