ঘূর্ণিঝড়ে নিহতদের পরিবারে দুই মন্ত্রীর আর্থিক সহায়তা

আপডেট : ২৩ মে ২০১৬, ১৯:৪৫
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোসাররফ হোসেন ঘূর্ণিঝড় রোয়ানুতে মৃত্যুবরণকারী ব্যক্তিদের পরিবারে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
 
দুই মন্ত্রী সোমবার চট্টগ্রাম জেলার ঘূর্ণিদুর্গত এলাকা বাঁশখালি ও আনোয়ারা উপজেলা পরিদর্শনকালে এ অর্থ সহায়তা প্রদান করেন।
 
ঘূর্ণিঝড় রোয়ানুতে বাঁশখালি উপজেলার খান খানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া গ্রামের বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে এক হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। দুই মন্ত্রী এ এলাকা পরিদর্শন করেন এবং ঘুর্ণিঝড়ে এখানে মৃত্যুবরণকারী ১২ ব্যক্তির পরিবারে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
 
এ উপজেলার পানি বন্দি লোকজন এখনও সাইক্লোন সেল্টারে আশ্রয় গ্রহণ করে আছেন। নিজ বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের সাইক্লোন সেল্টারে থাকার জন্য উভয় মন্ত্রী অনুরোধ জানান। তাদের প্রয়োজনীয় খাদ্য, পানীয় ও নগদ অর্থ সহায়তার জন্য তারা জেলা প্রশাসনকেও নির্দেশ দেন।
 
চট্টগ্রাম জেলায় ঘুর্ণিঝড়ের সার্বিক ক্ষয়ক্ষতির একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ে প্রেরণের জন্য ত্রাণমন্ত্রী জেলা প্রশাসককে নির্দেশ দেন।
 
মন্ত্রীরা পরে আনোয়ারা উপজেলার কোস্টগার্ড ক্যাম্প এলাকা পরিদর্শন করেন। সেখানে আশ্রিত শতাধিক পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্য, পানীয় ও নগদ অর্থ সহায়তার জন্য উভয় মন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
 
এ সময় স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, চট্টগ্রাম জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।