প্রতিপক্ষ খেলোয়াড়ের ঘুষিতে প্রাণ হারালেন আর্জেন্টাইন আঞ্চলিক ফুটবল লিগের খেলোয়াড় মাইকেল ফাভরে। লিগা ডিপার্টমেন্টাল ডি কোলোনে সান হোর্হের সঙ্গে জেরোনিমো কুইন্তানার বিপক্ষে ম্যাচে ঘটেছে এই ঘটনা।
মাত্রই ২৪ বছর বয়সী ফাভরে প্রাণ হারিয়েছেন দুই দলের ফুটবলারদের অযথা গন্ডগোলে পড়ে। গন্ডগোলের শুরুটা তাঁকে কেন্দ্র করেই। ম্যাচের একটা পর্যায়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যান ফাভরে। পড়ার সময়ে ফাভরের মুখে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাঁটুর ধাক্কা লাগে।
IMG0
সামলে উঠে উল্টো নিজেই ওই ডিফেন্ডারের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন ফাভরে। এর মধ্যেই প্রতিপক্ষের এক খেলোয়াড় এসে আবার ঘুষি মারেন ফাভরেকে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ফাভরে, শেষবারের মতো।
মাঠের পাশে থাকা ডাক্তার চেষ্টা করেছিলেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ারও চেষ্টা করে হয়েছিল। কিন্তু সময় পাওয়া যায়নি। গাড়িতেই খিঁচুনি উঠে গিয়েছিল ফাভরের। হাসপাতালে চিকিৎসকের কাছে পৌছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাভরে। গোল.কম।
