লন্ডন স্কুল অব ইকোনোমিক্সে প্রফেসর অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট : ২৪ মে ২০১৬, ০২:৪৫
 
অ্যাঞ্জেলিনা জোলি বললেন, “আমার ইচ্ছা ছিল শিক্ষক হয়ে কিছু শেখানোর, সেই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নতুন কিছু শেখার ও জানার। পাশাপাশি সরকার ও জাতিসংঘের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার গল্পগুলিও শোনাতে ইচ্ছে হয়”।
 
অস্কার বিজয়ী এ অভিনেত্রী এবং পরিচালক সম্প্রতি তার মনের আশা প্রকাশ করার সুযোগ লাভ করেছেন। লন্ডন স্কুল অব ইকোনোমিক্সে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে পাঠদানের সুযোগ লাভ করেছেন। সেখানে তিনি মাস্টার্স ডিগ্রির শিক্ষার্থীদের জন্য “নারী, শান্তি ও নিরাপত্তা” বিষয়ে ক্লাশ নিবেন।
 
জাতিসংঘের রিফিউজি এজেন্সির শুভেচ্ছা দূত এই অভিনেত্রী রিফিউজিদের অধিকার নিয়ে কাজ করছেন। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ধর্ষণ এবং মহিলাদের যৌন অঙ্গচ্ছেদের বিরুদ্ধে তার কণ্ঠ সোচ্চার।
 

লন্ডন স্কুল অব ইকোনোমিক্সে যোগদানের ব্যাপারে তার অনুভুতি প্রকাশ করে জোলি বলেন, “এই মাস্টার্স প্রোগ্রামের সৃষ্টিশীলতায় আমি অনুপ্রাণীত। আমি আশা করি, অন্য ইনস্টিটিউটগুলিও এদের অনুসরণ করবে। কারণ, এটি গুরুত্বপূর্ণ। কারণ, এখানে কিভাবে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে তাদের ওপর সংঘটিত অপরাধ কমানো যায়, কিভাবে যুদ্ধক্ষেত্রে তাদের ওপর নিরযাতন কমানো যায় এসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”