ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই যেন অর্থের ঝনঝনানি, রমরমা বাণিজ্য। ক্রিকেট ও বিনোদনের মেলবন্ধন। তাই দর্শকদের বিনোদন হোক কিংবা ব্যবসাই হোক বছরে দুইবার এমন আয়োজনের কথা শোনা যাচ্ছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই চাইছে চলতি বছরের সেপ্টেম্বরে ‘মিনি আইপিএল’ এর আয়োজন করতে।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, আইসিসি ক্রিকেটকে ছড়িয়ে দিতে প্রতি বছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের আয়োজন করতো। তবে, ব্যবসায়িকভাবে অলাভজনক হওয়ায় গত দুই বছর ধরে এই টুর্নামেন্ট বন্ধ রয়েছে।
বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর অনুরাগ ঠাকুর জানান, ক্রিকেটপ্রেমীদের জন্য ‘মিনি আইপিএল’ এর আয়োজন করা হলে সেটি লাভজনক হবে। যে দেশে ভারতীয়রা ক্রিকেটকে বিনোদন হিসেবে পেতে চায় সে দেশে এই আয়োজন হতে পারে বলেও তিনি জানান।
তাই ক্রিকেটের ফাঁকা মাস হিসেবে সেপ্টেম্বরেই মাঠে গড়াতে পারে ‘মিনি আইপিএল’।
