ঋণ জালিয়াতির দায়ে তিনজনের যাবজ্জীবন

আপডেট : ২৪ মে ২০১৬, ১৭:৫০
 
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির এক মামলায় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক আখতারুজ্জামান এ আদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন— সোনালী ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপক সাইফুল হাসান (৫৪), প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল মামুন (৩১) ও প্যারাগনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম (৩৮)। তবে আসামিরা বর্তমানে পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
 
মামলার নথি অনুযায়ী, ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের দুই কোটি ২২ লাখ ৭৮ হাজার ৬১০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে এ টাকা আত্মসাত্​ করেন।
 

২০১৩ সালের ২৮ মে দুদকের সহকারী পরিচালক নাজমুচ্ছায়াদাত বাদী হয়ে রমনা থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১১ জুন দুদকের তত্কালীন উপসহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। চার আসামির মধ্যে সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমান মারা গেছেন।