মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কে তল্লাশির নামে যানবাহন থামানো যাবে না।’
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরে সম্মেলন কক্ষে পবিত্র রমজান ও ঈদুল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কার্যক্রম নিবিড় মনিটরিং এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সকল ধরনের চাঁদাবাজি বন্ধে তত্পর থাকার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি।
আইজিপি খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার ওপর জোর দেন। তিনি বলেন, ফরমালিন ও রাসায়নিক উপাদান মিশ্রিত ফল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
পুলিশ প্রধান বলেন, মাদক উদ্ধার অভিযান জোরদার করতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, জনগণের সাথে পুলিশের দূরত্ব কমাতে হবে। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
