ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ভালো দল গড়েও ঠিক মতো পারফর্ম করতে পারছিলোনা ঢাকা আবাহনী লিমিটেড। তাই লিগে আট ম্যাচে চতুর্থ বিদেশি ক্রিকেটার নিয়ে নামে আবাহনী। তবেপ্রথম ম্যাচেই দারুণ এক ইনিংস খেলে আবাহনীকে মোটামুটি একটা বড় স্কোর এনে দিয়েছেন রজত ভাটিয়া।
পাঁচে নেমে ভাটিয়া করেছেন ৮৮ বলে অপরাজিত ৯০। তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে আরেকটি অর্ধশতক। বিকেএসপিতে ৫০ ওভারে আবাহনী তুলেছে ৬ উইকেটে ২৭৬।
বৃষ্টির কারণে পরে ব্যাটিংয়েই নামতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। রান তাড়ায় নামবে তারা বুধবার রিজার্ভ ডেতে।
লিগের শুরুতে আবাহনীর বিদেশি ক্রিকেটার ছিলেন উদয় কাউল। চার ম্যাচ খেলে ভারতীয় ব্যাটসম্যান ফিরে যান ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে। এরপর ২ ম্যাচ খেলেছেন ভারতেই মানবিন্দর বিসলা, এক ম্যাচ মনোজ তিওয়ারি। এরপর আবাহনী এনেছে অলরাউন্ডার ভাটিয়াকে।
টস জিতে বোলিংয়ে নামা গাজী শুরু করে চমক দিয়ে। নতুন বল হাতে নেন অনিয়িমিত বোলার শামসুর রহমান! দলকে প্রথম সাফল্যও এনে দেন তিনি। ফিরিয়ে দেন অভিষেক মিত্রকে।
দ্বিতীয় উইকেটে লিটন কুমার দাসকে নিয়ে তামিম গড়েন ৯২ রানের জুটি। রান খরায় থাকা লিটন ইঙ্গিত দিয়েছিলেন ফর্মে ফেরার। তবে শেষ পর্যন্ত বড় করতে পারেননি ইনিংস (৪৬ বলে ৩৭)।
৩৮ রানের মাথায় তামিম বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেছেন ৬ হাজার লিস্ট ‘এ’ রান। তবে আরও একবার আউট হয়েছেন পঞ্চাশ পেরিয়ে (৫৫)। চলতি লিগে আট ম্যাচে তার এটি চতুর্থ অর্ধশতক।
আগের ম্যাচগুলোয় বারবার তামিমের বিদায়ে খেই হারিয়েছে আবাহনী। এবার সেই সময়টা দারুণ দক্ষতায় সামাল দিয়েছেন ভাটিয়া। পঞ্চম উইকেটে মোসাদ্দেক হোসেনের সঙ্গে ভারতীয় অলরাউন্ডার গড়েছেন ৯৩ বলে ১০০ রানের জুটি।
৪৬ বলে ৪৭ রান করে ফেরেন মোসাদ্দেক। ভাটিয়া অপরাজিত থেকে যান ৮ চার ও ২ ছক্কায় ৯০ রান করে।
