অভিষেকের পর থেক্ জন্ম দিয়ে চলেছেন বিস্ময়। আন্তর্জাতিক ক্রিকেটের পর এখন আইপিএল মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল শেষেই যাওয়ার কথা রয়েছে ইংলিশ কাউন্টিতে। সেখানে সাসেক্সের হয়ে খেলবেন এই কাটার মাস্টার।
কিন্তু টানা খেলার মধ্যে থাকায় তাকে নিয়ে ইনজুরির আশঙ্কা করছে বিসিবি। তাই এখনো নিশ্চিত নয় মুস্তাফিজের সাসেক্স যাত্রা।
তবে মুস্তাফিজের জন্য সুখবর হল কাউন্টিতে তার খেলা না হলে বিসিবি থেকে প্রাপ্ত পারিশ্রমিক তাকে দিয়ে দেওয়া হবে। এমনটাই জানালেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।
এ নিয়ে আকরাম খান সাংবাদিকদের বলেন, সাসেক্সের হয়ে মুস্তাফিজের খেলা না হলে বিসিবি থেকে প্রাপ্ত পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে মুস্তাফিজকে। বোর্ড কিন্তু সবসময়েই ক্রিকেটারদের সাহায্য করতে চায়। কাউন্টির ব্যাপারেও এমন কিছু সিদ্ধান্ত হতে পারে। ফলে আর যাই হোক আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে না তাকে।
তিনি আরো বলেন, যেহেতু ভারতে গিয়ে সে খেলছে, তার আগে ওয়ার্ল্ড কাপ খেলছিল এবং তার আগে ইনজুরিতে ছিল। সেটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি, ইংল্যান্ডে ওর যে চুক্তি আছে সেটার কি হবে। ওর জন্য অতিরিক্ত হয়ে যাচ্ছে কি না। তার মতামত আমরা নিবো। তারপর এটি বোর্ডে আলোচনা করে আমরা একটি সিদ্ধান্ত নিবো।
