শিমুল বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ২৪ মে ২০১৬, ১৯:৪৬
 
 
রাজধানীর ভাটারা থানার নাশকতার একটি মামলায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ খান কামাল, বিএনপি যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সালাউদ্দিন আহম্মেদ, কাইয়ুম ও মেজর (অব:) হাফিজসহ ১১ জন।
 
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। পুলিশের দাখিল করা অভিযোগপত্র আজ আমলে নিয়ে এই ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এ মামলায় পলাতক আসামিদের গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১৪ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।
 
মামলার নথি হতে জানা যায়, ভাটারা থানাধীন এলাকায় ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি হরতাল-অবরোধ চলাকালীন সময়ে কতিপয় অজ্ঞাত ব্যাক্তিরা গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার মাধ্যমে নাশকতার চেষ্টা করেন। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি ভাটারা থানার এসআই (উপ-পরিদর্শক) বাদী হয়ে একটি নাশকতার মামলা দায়ের করেন।
 
পরবর্তীতে ব্যাপক তদন্ত করে গত বছরের ৩১ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ভাটারা থানার পুলিশ ২১ আসামির বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেন।