রক্ষণ নিয়ে কাজ করতে চান ক্রুইফ

আপডেট : ২৪ মে ২০১৬, ২০:১০
কিছুদিন পরই এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ।প্রতিপক্ষ তাজিকিস্তানের মাঠের সব শেষ ম্যাচের দুঃস্মৃতি মনে রেখে রক্ষণে এবার বেশি মনোযোগ দিচ্ছেন কোচ লোডভিক ডি ক্রুইফ।
 
প্লে-অফে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচের আগে বাংলাদেশের দলে ফিরে ফিরে আসছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুশানবেতে ৫-০ গোলের ভরাডুবির স্মৃতি। প্রতিপক্ষের মাঠে এবার গোল না খাওয়ার দিকটি স্বাভাবিকভাবে গুরুত্ব পাচ্ছে বেশি। টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপুও জানালেন, রক্ষণ অটুট রাখার দিকে দৃষ্টি দেওয়ার কথা।
 
দুশানবেতে ক্রুইফের রক্ষণাত্মক ছক বাস্তবায়নের দায়িত্ব যাদের কাঁধে বেশি থাকবে, সেই নাসিরউদ্দিন চৌধুরী ও ওয়ালী ফয়সাল জানালেন আটঘাট বেঁধে প্রস্তুতি নেওয়ার কথা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ড্র ম্যাচ থেকেও অনুপ্রেরণা নিচ্ছেন তারা।
 
প্রতি আক্রমণ নির্ভর খেলাটা অনুশীলনে গুরুত্ব পাচ্ছে জানিয়ে ডিফেন্ডার নাসিরউদ্দিন বলেন, ‘দুই বেলা ভালো অনুশীলন হচ্ছে। টিমের অবস্থাও ভালো। মানসিকভাবে সবাই ভালো আছে। আমাদের লক্ষ্য একটাই-গোল না খাওয়া। কোচ সবার ভেতরে এই মানসিকতা তৈরি করে দিচ্ছেন।’
 
সেট পিস, কর্নার থেকে গোল হজম না করা নিয়ে অনুশীলনে বিশেষভাবে কাজ করছে বাংলাদেশ। শেষ দিকে মনোবল ধরে রাখার প্রতিও বিশেষ দৃষ্টি দেওয়ার কথা জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালী ফয়সাল।
 
দুই ডিফেন্ডার লিঙ্কন, কেষ্ট কুমার বোস কাঁধের চোট আর গোলরক্ষণ মাজহারুল ইসলাম হীমেল জ্বরের কারণে তাজিকিস্তান ম্যাচের প্রথমকি দল থেকে ছিটকে গেছেন। রুপু জানালেন, বর্তমান দলে থাকা ২৭ জনের মধ্যে ২৩ জনকে নিয়ে আগামী রোববার-সোমবারের মধ্যে চূড়ান্ত দল গড়বেন তারা।