কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি

আপডেট : ২৪ মে ২০১৬, ২০:৪৬
 
জাতীয় কৃষি প্রযুক্তি কর্মসূচির দ্বিতীয় পর্যায় (এনএটিপি-২) বাস্তবায়নে বিশ্বব্যাংকের সাথে ১৭ কোটি ৬০ লাখ ডলারের একটি ঋণ ও অনুদান চুক্তি করেছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১০ লাখ কৃষক উপকৃত হবে বলে সংস্থাটি জানিয়েছে।
 
এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের উত্পাদন বৃদ্ধি ও কৃষি আয় বহুমুখীকরণের মাধ্যমে জাতীয় কৃষির সামগ্রিক উত্পাদনশীলতা বাড়বে বলে আশা করা হয়েছে।
 
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টও চিমিয়াও ফান।
 

প্রকল্পটি বাস্তবায়নে ইউএসএইড ৭৪ লাখ ডলার অনুদান এবং ইফাদ ২ কোটি ৩৮ লাখ ডলার ঋণ দিবে। আলোচ্য প্রকল্পে ইউএসএইড এর অনুদান সহায়তার সমন্বয়নের দায়িত্ব পালন করবে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে গতকাল ৭৪ ডলারের অনুদান চুক্তিও সাক্ষর হয়েছে।