রমজান ও ঈদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আপডেট : ২৪ মে ২০১৬, ২১:৩৪
আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এ নির্দেশ দেন।
 
সভায় আইজিপি সভাপতিত্ব করেন। সভায় অতিরিক্ত আইজিপি (এডমিন এন্ড অপস) মোঃ মোখলেসুর রহমান, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোঃ আবুল কাশেম, এপিবিএন'র অতিরিক্ত আইজিপি মোঃ সিদ্দিকুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, সকল পুলিশ কমিশনার, রেঞ্জ, হাইওয়ে, রেলওয়ে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌপুলিশসহ অন্যান্য ইউনিটের ডিআইজিবৃন্দ, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারগণ, পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আনসার এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা এ সময় উপস্থিতি ছিলেন।
 
রমজান ও ঈদকে কেন্দ্র করে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ এবং এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি। তিনি রমজান ও ঈদ উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে পেশাদারিত্ব বজায় রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
 
খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, 'রমজানে ফরমালিন ও রাসায়নিক উপাদান মিশ্রিত ফল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।'