আইপিএলের প্লে-অফ খেলতে দিল্লি যাওয়ার সময়ই বিপদের কবলে পড়েছেন সাকিব আল হাসানরা। বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনার মুখে পড়েছিলো তাদের কলকাতা নাইট রাইডার্সের বিমান। তবে জয়পুরে জরুরি অবতরণ করার কারণে বিপদের হাত থেকে উদ্ধার পান কেকেআর ক্রিকেটার।
বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় আইপিএলের প্লে-অফে সানরাইজার্স হায়দারাবাদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ওই ম্যাচে খেলার জন্যই দিল্লির উদ্দেশ্যে বিমানে চড়ে বসে গৌতম গম্ভীররা।
কিন্তু সেটাই পড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে। পরিস্থিতি বেগতিক দেখে জয়পুরে নাইটদের বিমান জরুরি অবতরণ করে।
বুধবারের ম্যাচের জন্য কেকেআরের ক্রিকেটাররা তিন ভাগে ভাগ হয়ে দিল্লি রওনা দিয়েছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে সোমবার দিল্লি পৌঁছতে পারেনি নাইটদের একটি বিমান।
জয়পুরে জরুরি অবতরণ করতে হয় ওই বিমানটিকে। যেটিতে ছিলেন অধিনায়ক গম্ভীরসহ আরও কয়েকজন ক্রিকেটার। জয়পুরে রাত কাটানোর পর মঙ্গলবার সকালে দিল্লি পৌঁছায় গম্ভীরদের বিমানটি।
