প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন জাপান সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জাপানের প্রসিদ্ধ পর্যটন নগরী আইস শিমায় জি-৭ শীর্ষ সম্মেলনের সাইড লাইনে এ বৈঠক হবে বলে কূটনৈতিক সূত্র জানায়।
বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ এর সদস্য হিসেবে ডেভিড ক্যামেরন ঐ সম্মেলনে অংশ নেবেন। আর শেখ হাসিনা ঐ সম্মেলনের সাইড লাইনে আউটরিচ বৈঠকে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে যোগ দেবেন। শেখ হাসিনাসহ সাতটি দেশের সরকার প্রধানগণ আউটরিচে যোগ দেবেন।
আগামী ২৬ ও ২৭ মে আইস শিমায় জি-৭ এর শীর্ষ বৈঠকের আয়োজন করছে জাপান। ডেভিড-ক্যামেরন ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসো ওলান্দ, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি জি ৭ বৈঠকে যোগ দেবেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতটি উন্নয়নশীল দেশের সরকার প্রধানকে জি-৭ শীর্ষ বৈঠকের আউটরিচে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ২৭ মে আইস শিমায় আউটরিচ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ছাড়াও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পৃথক পৃথক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনা ও ডেভিড ক্যামেরন এর বৈঠকের সময় ২৭ অথবা ২৮ মে চূড়ান্ত হয়েছে। ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক গতকাল মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে জাপানে দুই প্রধানমন্ত্রীর আসন্ন বৈঠকের বিষয়ে আলোচনা করেন।
জানা যায়, শেখ হাসিনা ও ডেভিড ক্যামেরন আসন্ন বৈঠকে ঢাকা ও লন্ডনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক ছাড়াও আঞ্চলিক, আন্তর্জাতিক ইস্যু, সন্ত্রাসবাদ দমন, বেসামরিক বিমান নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করবেন। বেসামরিক বিমান নিরাপত্তা ইস্যুতে সম্প্রতি যুক্তরাজ্য বড় ধরনের সহায়তা দিয়েছে। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা, মান ও সেবার উন্নয়নে নিয়োজিত রয়েছে। ব্রিটিশ সরকারের বিশেষজ্ঞদের পরামর্শে বেসামরিক বিমান চলাচল সেক্টরের উন্নয়নের কাজ চলছে।
প্রধানমন্ত্রী আইস শিমা থেকে প্রায় ৪০০ মাইল দূরে টোকিও যাবেন ২৮ মে। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত চ্যান্সারী ভবন উদ্বোধন করবেন ও জাপান প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ২৯ মে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
উল্লেখ্য, জি ৭ এর আউটরিচ বৈঠকে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি, ভিয়েতনাম, লাওস ও চাঁদ প্রজাতন্ত্রের রাষ্ট্র ও সরকার প্রধানগণ যোগ দিচ্ছেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব, আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্টকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
আম ও লিচু যাচ্ছে জাপানে
জাপানের অর্থমন্ত্রী তারা আসোসহ মন্ত্রিসভার সদস্য ও রাজনীতিকদের জন্য রাজশাহীর আম ও লিচু পাঠানো হচ্ছে টোকিওতে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আম ও লিচু পাঠানোর উদ্যোগ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত বছর প্রধানমন্ত্রী জাপান সফরের সময় অর্থমন্ত্রী তারা আসো বাংলাদেশের সুস্বাদু আম ও লিচু খেতে বিশেষ আগ্রহ দেখান। তাই এবার সরাসরি বিমানে আম ও লিচু পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
