মার্কিন সহায়তায় সিরিয়ান কুর্দি ও আরব যোদ্ধাদের নিয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেট ফোর্স (এসডিএফ) ইসলামিক স্টেটের (আইএস) রাজধানী হিসেবে পরিচিত রাক্কায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
প্রায় ৩০ হাজার সৈন্য নিয়ে রাক্কায় আক্রমণের জন্য তারা শহরটির নিকটবর্তী স্থানে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের সহায়তা করবে বলে জানা গেছে। রাক্কা দখলে নেয়ার কোন পরিকল্পনার কথা এসডিএফের পক্ষ থেকে জানানো হয়নি।
২০১৪ সালে আইএস নামে পরিচিত ইসলামি জঙ্গি সংগঠনটি রাক্কাকে তাদের 'খেলাফত' এর রাজধানী হিসেবে ঘোষণা করে। সেখানে বাস করা কয়েক লাখ সিরিয়কে জিম্মি করে রেখেছে তারা।
উল্লেখ্য, এসডিএফ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কোয়ালিশন বাহিনী যেখানে কুর্দিশ পপুলার প্রোটেকশন ইউনিটের (ওয়াইপিজি) সৈন্য সংখ্যা সবচাইতে বেশি। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ের শুরু থেকে মার্কিন সহায়তায় তারা যুদ্ধ করছে। যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সহায়তায় উত্তর সিরিয়ায় প্রায় ২৬ হাজার বর্গমাইল এলাকার দখল নিয়েছে তারা। এর মধ্যে তুরস্কের সীমান্ত অঞ্চলে রয়েছে প্রশস্ত চার'শ কিলোমিটার করিডর। বিবিসি।
