চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলছি : রোনালদো

আপডেট : ২৫ মে ২০১৬, ১০:৫৩
 
অনুশীলনের সময় চোট পাওয়ায় প্রাথমিক অবস্থায় ভয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলছেন বলে ভক্তদের আশ্বস্ত করলে রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেন, 'হালকা ভয় ছিল, কিন্তু দুই দিনের মধ্যে ভালো হয়ে যাব আমি। ভালো লাগছে এবং নিশ্চিতভাবে শনিবার আমি সেখানে থাকব।'
 
মঙ্গলবার দলের অনুশীলনে গোলরক্ষক কিকো কাসিয়ার সঙ্গে ধাক্কা খেয়ে চোট পান রোনালদো। পরে ফিজিও আর চিকিৎসক দলের সঙ্গে আলোচনা করে একটু আগেভাগেই অনুশীলন ছেড়ে চলে যান পর্তুগালের এই ফরোয়ার্ড। কিন্তু আগামী শনিবার এসি মিলানের মাঠ সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে থাকছেন তিনি। নিজের ইনজুরি সম্পর্কে পর্তুগীজ এই ফরোয়ার্ডার বলেন, 'আমার অবস্থা আরো ভালো হচ্ছে। মৌসুমের শেষ দিকে আমার ছোট একটা সমস্যা ছিল। কিন্তু আমি খুব ভালো অনুভব করছি।'
 
গত এপ্রিলে স্পেনের লা লিগায় রিয়ালের ৩-০ গোলে জেতা ম্যাচের শেষ মুহূর্তে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো। এর পর টানা তিনটি ম্যাচে খেলতে পারেননি তিনি। লা লিগায় দলের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে প্রথমার্ধ শেষে আর মাঠে নামেননি এই ফরোয়ার্ড। রোনালদোর জোড়া গোলেই ম্যাচটি ২-০ ব্যবধানে জিতেছিল রিয়াল।
 
চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে অসাধারণ ফর্মে আছেন রোনালদো। ১১ ম্যাচে ১৬ গোল করা এই ফরোয়ার্ড ২০১৩-১৪ মৌসুমে গড়া চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে সর্বোচ্চ গোলের (১৭) নিজের রেকর্ডটি ভাঙার অপেক্ষায় আছেন।
 
ফাইনালে তার দল গোল পাবে এমন মন্তব্য করে রোনালদো বলেন, 'ফাইনালে আমি গোল করি আর না-ই করি রেকর্ডটি আমারই থাকছে। আমি গোল করতে পছন্দ করি, কিন্তু আমি গোল না পেলে অন্য কেউ করবে। এটা আমাদের জীবনের সেরা ম্যাচ হবে এবং আমি মনে করি, আমরা জিতব। আমরা সেরা দুটি দল এবং এই কারণেই আমরা ফাইনালে উঠেছি। আমি মনে করি, আমরা ভালো দল, কিন্তু আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।'
 
নগর প্রতিদ্বন্দ্বীদের নিয়ে রোনালদো বলেন, 'অ্যাথলেটিকো সব সময়ই তাদের নিজেদের খেলাটা খেলে। বার্সেলোনা আর বায়ার্নের তাদের হারাতে না পারাটা কোনো কাকতালীয় ঘটনা নয়।' বিডি নিউজ।