সাবিরার আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বীকারোক্তি দিবেন প্রেমিক নির্ঝর

আপডেট : ২৫ মে ২০১৬, ১৮:৫২
রাজধানীর মিরপুর এলাকার রূপনগরে মডেল সাবিরা হোসাইনের (২১) আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার তার প্রেমিক চিত্রগ্রাহক নির্ঝর সিনহা রনক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।
 
এ তথ্য জানিয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম বলেন, ‘এ মামলায় মঙ্গলবার গভীর রাতে বাড্ডার সাতার পোলের লিংক রোডের ৭/১ নং বাড়িতে অভিযান চালিয়ে নির্ঝরের ছোট ভাই প্রত্যয়কে (২৫) গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
 
প্রত্যয় মডেল সাবিরার মা দিলশাদ কাদির বাদী হয়ে করা মামলার দ্বিতীয় আসামি।
 
ওসি আরো বলেন, ‘সাবিরার ফেসবুক আইডি থেকে নির্ঝর ও সাবিরার একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের বেশকিছু ছবিও আলামত হিসেবে জব্দ করা হয়েছে।’
 
এর আগে মঙ্গলবার ভোরে রূপনগরের ১২ নম্বর ৫নং বাড়ির ছয়তলার ফ্ল্যাট থেকে মডেল সাবিরা হোসাইনের লাশ উদ্ধারের পর নির্ঝরকে গ্রেফতার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে নির্ঝর জানিয়েছে, মডেলিংয়ের ছবি তুলতে গিয়ে সাবিরার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।