স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ‘হাই লেভেল মিডটার্ম রিভিউ অব ইস্তাম্বুল প্রোগ্রাম অব এ্যাকশন (আইপিওএ)’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করতে বুধবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
তুরস্কের আন্টালায় আগামী ২৭ থেকে ২৯ মে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
২৭ মে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।
সম্মেলনে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি) অর্জনের অগ্রগতি, বাধা, সীমাবদ্ধতা, উত্তরণের উপায় ও চলমান অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে।
চার দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের স্বল্পোন্নত (এলডিসি) ৪৮টি দেশ ও তাদের উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ অংশগ্রহণ করার কথা রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হচ্ছেন-স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার, মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইবরাহিম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ, অতিরিক্ত সচিব মুহম্মদ আলকামা সিদ্দিকী, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মুনির চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক সঞ্চিতা হক।
মন্ত্রী আগামী ৪ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।-বাসস।
