বগুড়ার শেরপুরে উপজেলার মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক বেল্লাল হোসেন (২৭) নিহত হয়েছেন। বুধবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেল্লাল একই উপজেলার শেরুয়া এলাকার মৃত সূর্য্য সেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বগুড়াগামী একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে সিএনজিচালক বেল্লাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে অ্যাম্বুলেন্সটি আটক করা যায়নি।
