বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘এবার নির্বাচনে কারচুপি নয়, ভোট ডাকাতি হয়েছে। এ নির্বাচন কমিশনের অধীনে আমরা এর চেয়ে উন্নত নির্বাচন আশা করি না। এ কমিশনকে আমরা ঘৃণা করি।’
বুধবার দেশের ৯ পৌরসভা নির্বাচনে বিভিন্ন অভিযোগ জানাতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘সিইসিকে বলেছি, সরকারের আজ্ঞাবহ হলে কিছুই হবে না। একবার কোমর সোজা করে দাঁড়ান, জনগণ আপনাদের মনে রাখবে। পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসেন। এটাই হবে বড় কাজ।’
বিএনপির এই নেতা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে গত রাতেই ভোট হয়ে গেছে। ছাগলনাইয়াতে প্রার্থী ও এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। এখানে জলদস্যু ও বলদস্যু কেন্দ্র দখল করে নিয়েছে। প্রশাসন-পুলিশ তাদের সহযোগিতা করেছে। বিএনপি নয় পৌরসভার নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানাচ্ছে।’
