শাহ আমানতে যাত্রীর জুতা থেকে গাঁজা ইয়াবা উদ্ধার

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৭:১৪

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে মঙ্গলবার বিদেশগামী যাত্রীর কাছে আবারো মাদক মিলেছে। আবুধাবিগামী যাত্রী জমির উদ্দিনের জুতার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও গাঁজা। গত সোমবার একই বন্দরে বিদেশগামী আরেক যাত্রীর তোষকের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল বিমান বন্দর কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই-জাহান ইত্তেফাককে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের সর্বশেষ তল্লাশির সময় মাদকের অস্তিত্ব ধরা পড়ে। আবুধাবিগামী ওই যাত্রীর জুতা থেকে উদ্ধার করা হয় ৫৪০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা। এ ঘটনায় আটক করা হয় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা জমির উদ্দিনকে। 

আরো পড়ুন: প্রতিযোগিতা করতে গিয়ে জেব্রা ক্রসিংয়ে আবরারকে চাপা

জানা যায়, জমির উদ্দিন ১০ বছর ধরে আবুধাবি যাতায়াত করছেন।  জিজ্ঞাসাবাদে জমির বিমান বন্দর কর্মকর্তাদের জানান, অপরিচিত এক ব্যক্তি জুতো জোড়া পায়ে দিয়ে আবুধাবি নিয়ে যাওয়ার জন্য তাকে ৫০ হাজার টাকা দিতে চেয়েছিলেন। এতে তিনি রাজি হয়ে যান। 

জমিরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/অনি