রাজধানীতে দু’দিনব্যাপী যাকাত ফেয়ার শুরু শুক্রবার

আপডেট : ২৫ মে ২০১৬, ১৯:১০
 
চতুর্থবারের মতো রাজধানীতে হতে যাচ্ছে দুই দিনব্যাপী জাকাত ফেয়ার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আগামী শুক্রবার এই মেলা শুরু হচ্ছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত’। মেলার উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।
 
বই, উপহারসামগ্রী ও বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের স্টলসহ যাকাত ফেয়ারে যাকাত বিষয়ক পরামর্শ নেয়ার জন্য ডেস্ক থাকছে। এছাড়া বিভিন্ন ইসলামিক বই, যাকাত ভিত্তিক এনজিও এবং বিভিন্ন বাণিজ্যিক স্টল থাকবে।
 

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেলার আয়োজক অর্গানাইজিং কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুর রহমান এ সময় বক্তব্য রাখেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট’র চেয়ারম্যান নিয়াজ রহিম এবং জেনারেল ম্যানেজার খন্দকার জাকারিয়া আহমেদ। এবারের যাকাত মেলার স্পন্সর হিসেবে রয়েছে ইসলামি ব্যাংক্স কনসালটেটিভ ফোরাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এক্সিম ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামিক রিলিফ বাংলাদেশ, মান বাংলাদেশসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। যাকাত ফেয়ার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।