নরসিংদীর মনোহরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বিকালে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কিরন মিয়া (৩০) উপজেলার কাহেতের গাঁও গ্রামের আলাল মিয়ার ছেলে। একইসঙ্গে আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে।
জানা গেছে, ২০১৫ সালের ৩ জানুয়ারি রাতে প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখতে যায় কাহেতের গাঁও গ্রামের আবদুল আউয়ালের মেয়ে রাহিমা বেগম (১১)। রাত সাড়ে ৮টায় আরও দুই শিশুর সঙ্গে বাড়ি ফেরার জন্য বের হলেও পাওয়া যায়নি। পর দিন সকালে বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত জমিতে গলায় ওড়না পেঁচানো রাহিমার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে আব্দুল আউয়াল একই গ্রামের কিরন মিয়া ও নুরচাঁনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার পর পুলিশ কিরন মিয়াকে গ্রেপ্তার করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তার বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।
