অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে ঐক্যের বিকল্প নেই: মির্জা ফখরুল

আপডেট : ২৫ মে ২০১৬, ২০:৩৫
 
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্তরীন করতে তার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দেয়ার ষড়যন্ত্র শুরু করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ বড় কঠিন সময় অতিক্রম করছি। এই সময়ে যদি ঐক্য না থাকি, তাহলে শেষ হয়ে যাবো। খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমান অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে আমাদের ঐক্যর বিকল্প নেই।
 
বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
 
মির্জা ফখরুল বলেন, বিএনপি হচ্ছে সেই দল যারা অন্যায়ের কাছে মাথানত করেনা। স্বাধীনতা, স্বার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না। বরং জিয়াউর রহমান যেভাবে স্বাধীনতা ঘোষনা দিয়েছেন, সেইভাবে স্বাধীন পতাকা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে খালেদা জিয়া।তাই আজ পরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে।