জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী বুধবার সারাদেশে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালবাসায় উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ বছর জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয় চট্টগ্রামে। প্রতিপাদ্য নির্ধারণ করা হয় 'সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতারোধে নজরুলের প্রাসঙ্গিকতা'। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম এমএ আজিজ আউটার স্টেডিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।
এছাড়া ঢাকাসহ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালেও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় কবির ১১৭তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে যান ও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করে।
সবক্ষেত্রে নজরুলের দর্শন, সত্যনিষ্ঠতা ও দেশপ্রেম প্রচার ও চর্চা করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর বর্তায় উল্লেখ করে উপাচার্য বলেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলের স্মৃতিধন্য। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নজরুল মনস্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, তাহলেই অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন আদর্শ নাগরিক হওয়া যাবে।
দ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও শোষিত মানুষের মুক্তির বার্তা নিয়ে আসা কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম ও জাতীয় কবির পৌত্রী খিলখিল কাজী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, কবি ও সাংবাদিক আবুল মোমেন ও চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বক্তৃতা করেন। নজরুলের স্মৃতি বিজড়িত চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর নজরুল ইন্সটিটিউটের তত্ত্বাবধানে চট্টগ্রামে নজরুল স্মৃতিকেন্দ্র গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন।
কবির জন্মদিন উপলক্ষে নজরুল একাডেমী গতকাল থেকে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে কবির জন্মবার্ষিকী উদযাপন, নজরুল পৃষ্ঠপোষক মুজফফর আহ্মদ স্মরণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, ৪৮তম নজরুল একাডেমী প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নজরুল একাডেমীর মুখপত্র ‘নজরুল একাডেমী পত্রিকা, ও ‘নজরুল একাডেমী নবীন শিল্পী প্রকল্প’র ২য় অবদান শিক্ষার্থী শিল্পী রেবেকা সুলতানা রেবার কণ্ঠে নজরুল সঙ্গীত ভিত্তিক Ñ‘তোমার আঁখির মত আকাশের দু’টি তারা’ সিডির মোড়ক উন্মোচন।
জাতীয় কবির ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী পরিচালকের নেতৃত্বে একাডেমীর কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী শিশুরা আজ সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে।
