খুলনায় ইজিবাইক চালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

আপডেট : ২৫ মে ২০১৬, ২২:০৩
খুলনায় ইজিবাইক চালক ইনসান আলী হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ।
 
মামলার অপর  অারেকটি ধারায় আসামিদের ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নগরীর শিরোমণি সোনালি জুট মিল এলাকার মৃত অহেদ আলী হাওলাদারের ছেলে আল আমিন (২৮), শিরোমণি পূর্বপাড়ার মৃত মোজাহারের ছেলে মীর আক্কাস আলী (৩৫) ও পাবলার সলেমান হাওলাদারের ছেলে মো. ফরহাদ (২৮)। রায় ঘোষণাকালে আসামি ফরহাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক।
 
মামলার  বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৪ এপ্রিল নগরীর যোগীপোল রেললাইন কোয়ার্টার এলাকার নজরুল ইসলামের ছেলে ইনসান আলী খান রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ফোন পেয়ে বাড়ির বাইরে যান। কিন্তু তিনি আর রাতে বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৬ এপ্রিল নগরীর খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। ১৯ এপ্রিল লোকমুখে খবর আসে নগরীর বয়রায় পুলিশ লাইনের মসজিদের সেপটিক ট্যাঙ্কের ভিতর একটি লাশ রয়েছে। পরে আত্মীয়-স্বজনরা ইনসানের লাশ শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বড় ভাই ওইদিন মো. মোহসীন উক্ত আসামিদের বিরুদ্ধে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।