আবারো লিভারপুলে বালোতেল্লি

আপডেট : ২৬ মে ২০১৬, ১৬:১১
এসি মিলান থেকে নিজের সাবেক ক্লাব লিভারপুলে ফিরে যাচ্ছেন ইতালিয়ান ব্যাড বয় মারিও বালোতেল্লি।  বুধবার এ বিষয়টি নিশ্চিত করেছেন মিলান ক্লাবের মালিক সিলভিও বার্লুসকোনি।
 
ইতালির সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক খেলোয়াড়ই ক্লাব ছাড়ার দ্বারপ্রান্তে এবং মারিও (বালোতেল্লি) তার মধ্যে একজন যার সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। মেক্সেস, অ্যালেক্স, বোয়াটেং সহ পাঁচজনের চুক্তির মেয়াদ শেষ। এরপর আরো কয়েকজনের নাম আমরা ট্রান্সফার মার্কেটে তুলে ধরবো।’
 
গত বছর এক মৌসুমের ধারের চুক্তিতে লিভারপুল ছেড়ে সাবেক ক্লাব এসি মিলানে পাড়ি জমান বালোতেল্লি। কিন্তু, সান সিরোতে নিজের ছায়া হয়েই থাকেন ২৫ বছর বয়সী এ ফরোয়ার্ড। লিগের ২০ ম্যাচে তার বল জাল খুঁজে পায় মাত্র একবার।
 
তাই স্বাভাবিকভাবেই চুক্তির মেয়াদ বাড়াতে চাচ্ছে না ইতালিয়ান জায়ান্টরা।
 
২০১৬ ইউরোতে ইতালির প্রাথমিক স্কোয়াডেই সুযোগ পাননি। তার সঙ্গে অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকেও দলে রাখেননি কোচ অ্যান্তোনিও কন্তে। 
লিভারপুলে বালোতেল্লির চুক্তির মেয়াদ আর দু’বছর বাকি আছে। ২০১৪ সালের আগস্টে মিলান ছেড়ে অ্যানফিল্ডে পাড়ি জমান সাবেক ম্যানসিটি তারকা। গত এপ্রিলে মৌসুম শেষে লিভারপুলে না ফেরার ইচ্ছা ব্যক্ত করেছিলেন বালোতেল্লি।
 
কিন্তু, বাজে পারফরম্যান্সের কারণে তাকে ধরে রাখার ঝুঁকিই বা কেন নেবে এসি মিলান! অন্য কোনো ক্লাবও তার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। অথচ একটা সময় বালোতেল্লিকে বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিভাবান ফরোয়ার্ড হিসেবে ভাবা হতো। বয়স তো খুব বেশি হয়নি। তাও যেন কোথায় হারিয়ে গেলেন বালোতেল্লি!