রাজধানীতে আবার ভ্যাপসা গরম

আপডেট : ২৬ মে ২০১৬, ১৭:১১
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। বৃষ্টি না থাকায়, সূর্যের আলো বেশি থাকায় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় এই গরম অনুভূত হচ্ছে। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
 
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বৃষ্টি হলে এই গরম কমে যাবে। জনজীবনে স্বস্তি নেমে আসবে। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, সূর্যের আলো বেশি হওয়ায় এবং আকাশ মেঘলা না থাকার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে।
 
প্রচণ্ড গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে খেটে-খাওয়া মানুষদের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। বৃষ্টি হলেই এই গরম কমে আসবে। আবহাওয়া অধিদফতরের দেয়া বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।
 
এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলে বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।