শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ৮ম জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতা-২০১৬। রবিবার থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে মঙ্গলবার পর্যন্ত। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের একথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এডিশনাল ডিরেক্টর (মার্কেটিং) কামাল হোসেন, এজিএম মেহরাব হোসেন আসিফ ও বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের মহাসচিব সোলায়মান সিকদার।
এক বক্তব্যে এফএম ইকবাল বিন আনোয়ার বলেন, ‘ওয়ালটন গ্রুপ সব ধরনের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হয়ে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত রাখার চেষ্টা করছে। অন্যবারের মতো এবারও আমরা ওয়ালটন গ্রুপ তায়কোয়ানদোর সঙ্গে সম্পৃক্ত হয়েছি। তায়কোয়নদোর মাধ্যমে ফিটনেস ঠিক রাখার পাশাপাশি বিভিন্ন ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে নিজেদের যাচাই করা যায়। আশা করব এই প্রতিযোগিতার মাধ্যমে ভালো কিছু খেলোয়াড় উঠে আসবে। যারা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমি এই প্রতিযোগিতার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।’
সিনিয়র এডিশনাল ডিরেক্টর (মার্কেটিং) কামাল হোসেন বলেন, ‘ওয়ালটন গ্রুপ সব ধরণের খেলাধুলার সঙ্গেই সম্পৃক্ত হচ্ছে। বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে খেলার মান উন্নয়নে অবদান রাখছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজের উন্নতি সাধন করা যায়। তাদেরকে বিভিন্ন মাদকাসক্তি থেকে দূরে রাখা যায়।
তায়কোয়নদোর মাধ্যমে ফিটনেসের উন্নতি সাধন করা যায়। দেশের মানুষ তাদের ফিটনেস ধরে রেখে নিজ নিজ কর্মক্ষেত্রে অ্যাকটিভ থাকুক। তার মধ্য দিয়ে দেশও এগিয়ে যাক। ওয়ালটন গ্রুপ ভবিষ্যতেও এই ধরণের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবে।’
বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের মহাসচিব সোলায়মান সিকদার ওয়ালটন গ্রুপের প্রশংসা করে বলেন, ‘গেল বছর অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন সপ্তম জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতা। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতা।’
সংবাদ সম্মেলনে জানানো হয় কিডস (বালক-বালিকা), জুনিয়র (বালক-বালিকা) ও সিনিয়র (নারী-পুরুষ) ক্যাটাগোরিতে বিভিন্ন জেলা ও সংস্থার ১৬০ জন খেলোয়াড় অংশ নিবে। অংশ নেওয়ার জেলা ও দলের মধ্যে রয়েছে- ঢাকা জেলা, মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা, শরিয়তপুর জেলা, মাদারীপুর জেলা, ফরিদপুর জেলা, লক্ষ্মীপুর জেলা, রংপুর জেলা, চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, রাজশাহী জেলা, বাংলাদেশ আসনার ও বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল।
